গৌরনদী ইউএনও কার্যালয়ে আত্মহত্যার চেষ্টা: ভাইরাল নুপুর আক্তার গ্রেফতার, আগের মামলার তথ্যও জানালো পুলিশ
বরিশালের গৌরনদীতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে আত্মহত্যার চেষ্টা করার সময় নুপুর আক্তার (৩৫) নামে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সরকারি অফিসে প্রবেশ করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানোর চেষ্টা করলে কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে তাকে আটক করেন।
আটকের পর তাকে থানায় নিয়ে গিয়ে আত্মহত্যার চেষ্টা ও সরকারি কাজে বিঘ্ন ঘটানোর অভিযোগে মামলা দায়ের করে গৌরনদী মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শারীরিক প্রতিবন্ধী নুপুর আক্তার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের আব্দুর রশিদ সরদারের মেয়ে।
আগে থেকেই মামলার আসামি ছিলেন নুপুর আক্তার:
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. অলিউল্লাহ জানান, নুপুর আক্তারের বিরুদ্ধে পূর্বে চুরি ও প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় দুটি এবং যাত্রাবাড়ী থানায় একটি মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘বিয়ে করতে চান’—এমন দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নুপুর আক্তার ভাইরাল হন। সেই ঘটনার পর থেকেই তিনি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।