প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫
আবারো রোনালদো ম্যাজিক বাইসাইকেল গোলেই আল নাসরের জয়
||
ঘরের মাঠে আল খালিজকে ৪–১ গোলে হারিয়ে সৌদি প্রো লিগে আরেকটি সহজ জয় তুলে নিয়েছে আল নাসর। তবে ফলাফলের চেয়ে বেশি আলোচনায় ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর চোখধাঁধানো বাইসাইকেল কিকে করা গোল।৪০ বছর বয়সেও ফিটনেস ও দক্ষতায় বিশ্বকে চমকে দেওয়া রোনালদোর এই গোলটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য দর্শনীয় গোল উপহার দেওয়া পর্তুগিজ সুপারস্টারের এই শটটি মনে করিয়ে দেয় সাত বছর আগে জুভেন্টাসের জার্সিতে তার সেই বিখ্যাত বাইসাইকেল কিকের কথা।রোববার দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোলটি করেন রোনালদো। তার আগে আল নাসরের হয়ে জালের দেখা পান জোয়াও ফেলিক্স, ওয়েসলি এবং সাদিও মানে। হাজার গোলস্পর্শের পথে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৫৪-এ। চলতি প্রো লিগে ৯ ম্যাচে তার গোল এখন ১০টি। লিগে তার চেয়ে বেশি গোল শুধু একজনের—ক্লাব সতীর্থ ফেলিক্সের, যার গোল সংখ্যা ১১।৯ ম্যাচে শতভাগ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আল নাসর। সমান ম্যাচে ২৩ পয়েন্ট পাওয়া আল হিলাল আছে দ্বিতীয় স্থানে।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪