||
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ৯ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।শনিবার (৬ ডিসেম্বর) রাতে পিড়ারবাড়ি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা একযোগে পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে নেতাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার সভাপতি মনজ মল্লিক ওরফে ঝন্টু।লিখিত বক্তব্যে তিনি জানান, পারিবারিক ও সামাজিক কারণ দেখিয়ে সভাপতি, সহ-সভাপতি, উপদেষ্টা ও সাধারণ সদস্যসহ মোট ৯ জন আনুষ্ঠানিকভাবে জামায়াতের হিন্দু শাখার সব পদ ও কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন।পদত্যাগ করা নেতারা হলেন—মনজ মল্লিক ওরফে ঝন্টু (সভাপতি), বিমল বালা (সহ-সভাপতি), নারায়ণ হালদার (উপদেষ্টা), দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ জানান, “কিছুদিন আগেই নতুন কমিটি গঠন করা হয়েছিল। তবে তারা পদত্যাগ করেছেন কি না— সে বিষয়ে আমি এখনো অবগত নই।”স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সদ্য গঠিত এই কমিটির ৯ নেতাকর্মীর একযোগে পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।