||
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে সাবেক এক ইউপি সদস্যসহ ১৭ জন বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘাঘর বাজারে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই যোগদানের ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে পিঞ্জুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিএনপিতে যোগদান করেছেন এবং আগামী দিনে উপজেলা বিএনপির সকল নেতাকর্মীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।বিএনপিতে যোগদানকারীরা হলেন— আনোয়ার হোসেন, আবুল কাসেম, রাজিব শেখ, জাহাঙ্গীর শেখ, সদানন্দ বৈদ্য, স্বপন বৈদ্য, শ্রীনাথ বৈদ্য, সুশান্ত বৈদ্য, নীলকণ্ঠ দেউড়ী, ধলু বৈদ্য, লায়েক শেখ, শাহিন শেখ, জসিম শেখ, রফিক শেখ, রসুল শেখ, খোকন শেখ ও হাবি শেখ। তারা সবাই পিঞ্জুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।আনোয়ার হোসেন বলেন, আমরা সবাই আওয়ামী লীগ সংশ্লিষ্ট কমিটি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছি। উপজেলা বিএনপির নেতা এস এম জিলানীর হাতকে শক্তিশালী করতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করব।রোববার সকালে মোবাইল ফোনে দেওয়া এক বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, কিছুদিন আগে আমার ছেলে আমীর শেখকে ছাত্রলীগ পরিচয়ে জেলে পাঠানো হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। আমি পূর্বে বিএনপির রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলাম। পরবর্তীতে জাতীয় পার্টির কর্মী-সমর্থক হিসেবে কাজ করেছি। আমি কখনোই আওয়ামী লীগের কর্মী বা সমর্থক ছিলাম না। তবে যোগদানকারী অন্যদের মধ্যে কেউ কেউ অতীতে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকতে পারেন, তাদের নির্দিষ্ট পদ-পদবী সম্পর্কে আমি অবগত নই।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা মানিক হাওলাদার, কাজী অমিতসহ দলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।