প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬
আগৈলঝাড়ায় বিএনপি অফিসের ব্যানার–ফেস্টুন ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা
||
বরিশালের আগৈলঝাড়ায় বিএনপি’র দলীয় কার্যালয়ের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও উদ্বেগ দেখা দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোট বাশাইল (পন্টেশ) বাজার এলাকায় অবস্থিত বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে টানানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। একই সঙ্গে অফিসে প্রবেশের উদ্দেশ্যে দরজায় ধাক্কাধাক্কি চালানো হয় বলে অভিযোগ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন মিয়া জানান, রাতের আঁধারে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আমাদের দলীয় অফিসের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে। এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানাচ্ছি।শনিবার (২৪ জানুয়ারি) সকালে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন ছেঁড়া অবস্থায় দেখতে পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশকে অবহিত করেন। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।এ বিষয়ে আগৈলঝাড়া থানার এসআই সমীর বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি তারা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪