||
সদ্য স্ত্রী ও নয় মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে মানবিক বিবেচনায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। শুনানি শেষে তিনি জানান, ব্যক্তিগত ও পারিবারিক মর্মান্তিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আদালত সাদ্দামকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।উল্লেখ্য, বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় প্যারোল না পাওয়ায় তাকে মাত্র পাঁচ মিনিটের জন্য কারাগারের গেটে মৃত স্ত্রী ও নয় মাস বয়সী শিশুপুত্রকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। অ্যাম্বুলেন্সে করে মরদেহ কারাগারের সামনে আনা হলে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।কারা কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা ৭টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স কারাগারের সামনে পৌঁছায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের ছয়জন নিকটাত্মীয়কে জেলগেটের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। মাত্র পাঁচ মিনিট অবস্থানের পর তাদের বের করে দেওয়া হয়। বাইরে অপেক্ষমাণ স্বজনদের কান্নায় সেখানে শোকের আবহ তৈরি হয়, যা প্রত্যক্ষ করেন উপস্থিত সংবাদকর্মীরাও।এর আগে গত শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেখেডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়ি থেকে তার স্ত্রী কানিজ সুরভানা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পাশেই পাওয়া যায় তাদের নয় মাস বয়সী শিশুপুত্র নাজিমের মরদেহ। পুলিশ ও পরিবারের প্রাথমিক ধারণা, বিষণ্নতা থেকে সন্তানকে হত্যার পর স্বর্ণালী আত্মহত্যা করেছেন।প্যারোলে সাদ্দামকে মুক্তি না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এমন প্রেক্ষাপটে হাইকোর্টের জামিন আদেশকে মানবিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।