ডেস্ক রিপোর্ট, টুডে বাংলা নিউজ ২৪ ||
রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর (সা.) মহান আদর্শ ও ন্যায়পরায়ণতা এমন ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে এই নীতির ভিত্তিতেই দেশ পরিচালিত হবে বলে জানান তিনি।সোমবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে দেওয়া জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান বলেন, অতীতে জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। তবে সেই সময় দেশ পরিচালনায় অনিচ্ছাকৃত কিছু ভুলত্রুটি হয়ে থাকতে পারে উল্লেখ করে তিনি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।ভাষণে তিনি বলেন, অতীতে আপনাদের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত ভুলত্রুটি হয়েছে। সে জন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের লক্ষ্যে তিনি আবারও জনগণের সমর্থন চান। তিনি বলেন, জনগণ ও তাদের পরিবারের কল্যাণে নেওয়া প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট প্রয়োজন।দুর্নীতি নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নে কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের কাছে রাষ্ট্র ও সরকারের দায়বদ্ধতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। বিএনপি সরকার যতটা সম্ভব দুর্নীতির বিরুদ্ধে ততটাই কঠোর হবে।ন্যায়পরায়ণতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি আপনারা ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব নিন। ১৩ তারিখ থেকে নির্বাচিত এমপিরা আপনাদের দায়িত্ব নেবেন। তারা সেই দায়িত্ব ঠিকভাবে পালন করছেন কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আমি নিজে নেব।ভাষণের শেষাংশে বিএনপির চেয়ারম্যান বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণের সমর্থন পেলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ ন্যায়পরায়ণতা। জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার এই দিনে আমি আল্লাহর দরবারে ধানের শীষের বিজয় কামনা করছি।