ডেস্ক রিপোর্ট, টুডে বাংলা নিউজ ২৪ ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন সরকার গঠনের প্রস্তুতি চলমান থাকায় সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষ করে বরিশাল জেলা থেকে কয়েকজন নির্বাচিত সংসদ সদস্যের নাম মন্ত্রীসভায় অন্তর্ভুক্তির সম্ভাব্য তালিকায় ঘুরে বেড়াচ্ছে।
দলীয় সূত্র ও স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, বরিশাল-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারের নাম সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় রয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সক্রিয়তার কারণে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নাল আবেদীনের নামও আলোচনায় রয়েছে। দলীয় কার্যক্রমে তার সম্পৃক্ততা ও এলাকায় রাজনৈতিক প্রভাব বিবেচনায় তাকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অন্যদিকে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এম জহিরুদ্দিন স্বপনের নামও সম্ভাব্য মন্ত্রী তালিকায় উচ্চারিত হচ্ছে। নির্বাচনে বিজয়ের পর থেকেই এলাকায় উন্নয়নকেন্দ্রিক নানা পরিকল্পনা নিয়ে সক্রিয় রয়েছেন তিনি।
তবে এ বিষয়ে এখনো দল বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবুও বরিশালবাসীর প্রত্যাশা—জেলা থেকে একাধিক প্রতিনিধি মন্ত্রিসভায় স্থান পেলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।