প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে শুরু রোজা
মোঃ সুজন শরিফ, বরিশাল গৌরনদী প্রতিনিধি ||
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস রমজান।বুধবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে কমিটি বৃহস্পতিবার থেকে রোজা শুরুর সিদ্ধান্ত নেয়। পরে চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।এর ফলে আজ এশার নামাজের পর থেকেই মসজিদগুলোতে শুরু হবে তারাবিহ নামাজ। ধর্মপ্রাণ মুসল্লিরা ভোররাতে সেহেরি গ্রহণ করে প্রথম রোজা পালন করবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রাত ৮টায় তারাবিহ নামাজ আদায় শুরু হবে বলে জানানো হয়েছে।রমজান মাস মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের এক অনন্য সুযোগ। দীর্ঘ এগারো মাসের পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এ মাসকে ইবাদতের বসন্তকাল হিসেবে গণ্য করা হয়। ইসলামী শিক্ষায় বলা হয়েছে, এ মাসে একটি ফরজ আমলের সওয়াব অন্য সময়ের তুলনায় বহুগুণ বৃদ্ধি পায়।পবিত্র রমজানের আগমনে দেশজুড়ে ধর্মীয় আবহ সৃষ্টি হয়েছে। মসজিদ, বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ইবাদত-বন্দেগি ও দোয়ার আয়োজনের প্রস্তুতি চলছে।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪