প্রিন্ট এর তারিখ : ০৪ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
গৌরনদীর কসবা এলাকায় দুর্ধর্ষ চুরি, মাদকসেবীদের সংশ্লিষ্টতার সন্দেহ
ডেস্ক রিপোর্ট, টুডে বাংলা নিউজ ২৪ ||
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বড় কসবা গ্রামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ইফতারের আগ মুহূর্তে খোকন তালুকদারের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবারের সদস্য মজিবর রহমান তালুকদার জানান, চাকরির সুবাদে তার ছেলে খোকন তালুকদার চট্টগ্রামে বসবাস করেন। খোকনের স্ত্রী-সন্তান বেড়াতে চট্টগ্রামে থাকায় তিনি একাই বাড়িতে ছিলেন। শুক্রবার সারাদিন রোজা রাখার পর ইফতার ও নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসায় তালা দিয়ে মসজিদে যান তিনি।তার অভিযোগ, এ সুযোগে আগে থেকে ওত পেতে থাকা চোরচক্র বাসার জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা স্টিলের আলমারি ভেঙে রুপার চেইন, নগদ টাকা ও ঘরের অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়।প্রাথমিকভাবে ভুক্তভোগী পরিবার ধারণা করছে, এলাকার কিছু চিহ্নিত মাদকসেবী এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এখনো কারো নাম প্রকাশ করেননি তারা। পরিবারের দাবি, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং প্রায়ই ছোটখাটো চুরির ঘটনা ঘটছে। স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি এলাকায় মাদকসেবীর সংখ্যা বেড়েছে এবং ঈদকে সামনে রেখে চোরচক্র আরও সক্রিয় হয়ে উঠেছে।এ বিষয়ে গৌরনদী মডেল থানা-র অফিসার ইনচার্জ মোহাম্মদ তারিক হাসান রাসেল বলেন, এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪