ডেস্ক রিপোর্ট, টুডে বাংলা নিউজ ২৪ ||
বরিশালের ভাসানচর এলাকার মাদার বুনিয়া গ্রামে মোবাইল ফোন কেনাবেচাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় এক নারী ও তার স্কুলপড়ুয়া ছেলে আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ কাজিরহাট এলাকায় একটি মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে নাজমা বেগম, তার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছেলে আব্দুল্লাহ এবং নাজমার ভাবি জুথির ওপর হামলা চালানো হয়। অভিযুক্ত হিসেবে চাচাতো ভাই আসাদুল ও তার ভাই রাকিব ঢালীর নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা।আহত নাজমা বেগম জানান, তার ভাবি জুথি আসাদুলের কাছ থেকে ৪ হাজার টাকায় একটি মোবাইল ফোন কিনেছিলেন। পরবর্তীতে আসাদুলের ভাই রাকিব ঢালী একই মোবাইলের জন্য পুনরায় টাকা দাবি করেন। এতে তারা আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আসাদুল ও রাকিব ঢালী তাদের ওপর হামলা চালায়, এতে নাজমা, তার ছেলে আব্দুল্লাহ ও জুথি গুরুতরভাবে আহত হন।ঘটনার পর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।এ বিষয়ে নাজমা বেগম আরও জানান, তিনি কাজিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। অভিযুক্তদের ভয়ে পরিবারটি বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।