ডেস্ক রিপোর্ট, টুডে বাংলা নিউজ ২৪ ||
মাদক ও তামাকের ভয়াবহ প্রভাব থেকে যুবসমাজকে রক্ষা করতে গণমাধ্যম ও চলচ্চিত্র শিল্পকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে মাদকবিরোধী সংগঠন ‘মানস’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অরূপ রতন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।তথ্যমন্ত্রী বলেন, মাদক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। কেবল আইন প্রয়োগের মাধ্যমে নয়, বরং গণমাধ্যমের শক্তিশালী প্রচারণার মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ কারণে চলচ্চিত্র, নাটক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক বা তামাকের ব্যবহারকে উৎসাহিত করে এমন দৃশ্য প্রদর্শন নিরুৎসাহিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।এ সময় ডা. অরূপ রতন চৌধুরী মাদক ও তামাকের ক্ষতিকর প্রভাব এবং এর বিস্তার রোধে ‘মানস’-এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি গণমাধ্যম ও চলচ্চিত্রে মাদক ও তামাকের নেতিবাচক উপস্থাপনার বিষয়টি তুলে ধরে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।মন্ত্রী জহির উদ্দিন স্বপন ‘মানস’-এর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার মাদক ও তামাকমুক্ত একটি সুস্থ সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করতে প্রস্তুত।তিনি সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।