ডেস্ক রিপোর্ট, টুডে বাংলা নিউজ ২৪ ||
সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর একটি মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পেলেও হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।মঙ্গলবার (৫ মে) পাঁচটি পৃথক জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে অসুস্থতা ও দীর্ঘদিন কারাবাসের বিষয় উল্লেখ করে আসাদুজ্জামান নূর, সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এবং একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু জামিন আবেদন করেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ শাজিয়া শারমিন গণমাধ্যমকে জানান, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর গ্রেপ্তার হন আসাদুজ্জামান নূর। তার বিরুদ্ধে নীলফামারী থানায় দুটি মামলা রয়েছে একটি সিদ্দিক আলীকে গাড়িচাপায় হত্যা এবং অন্যটি বিএনপি নেতা গোলাম রাব্বানী হত্যা মামলা।তবে নূরের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়ার বক্তব্য জানা যায়নি।এর আগে, গত ৪ মে ‘জুলাই অভ্যুত্থান’ সংশ্লিষ্ট একটি মামলায়ও একই আদালত তাকে জামিন দেন।অন্যদিকে, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়া সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী ও পঞ্চগড়ে তিনটি হত্যা মামলা রয়েছে। তার আইনজীবী এস এম আবুল হোসেন বলেন, রাষ্ট্রপক্ষ আপিল না করলে এবং আপিল বিভাগ স্থগিতাদেশ না দিলে তার মুক্তিতে আইনি বাধা থাকবে না।এদিকে, মোজাম্মেল বাবুকে বনানী থানার একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অভিযোগ রয়েছে, ২০০৭ সালে বৈশাখী টিভির কার্যালয়ে গিয়ে তার নেতৃত্বে একটি দল ১০ কোটি টাকা চাঁদা দাবি ও অর্থ লুট করে। পরে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।মঙ্গলবারের শুনানিতে সুজন ও বাবুর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও মো. মোতাহার হোসেন সাজু আদালতে যুক্তি উপস্থাপন করেন।আইনজীবীরা জানান, রাব্বানী হত্যা মামলায় জামিন পেলেও সিদ্দিক আলী হত্যা মামলায় আসাদুজ্জামান নূরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।