ডেস্ক রিপোর্ট, টুডে বাংলা নিউজ ২৪ ||
মাদারীপুরের ডাসারে ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ও গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম প্রভাষক মোঃ ফকরুল আলমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের হলরুমে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এ দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলেমান মাহমুদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন তালুকদার, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক দেলোয়ার হোসেন বাবলু। স্মৃতিচারণমূলক বক্তব্যে বক্তারা মরহুম ফকরুল আলমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, তিনি একজন সৎ, বিনয়ী ও শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। শিক্ষা বিস্তারে এবং সমাজ উন্নয়নে তার অবদান স্থানীয় মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।বক্তারা আরও বলেন, শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি জনপ্রতিনিধি হিসেবেও মানুষের পাশে থেকে কাজ করেছেন। বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়ন, শিক্ষাব্যবস্থার অগ্রগতি ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে শিক্ষা অঙ্গন ও স্থানীয় সমাজে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।এসময় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রভাষক নাসরিন আক্তার, বিভূতি রঞ্জন বাড়ৈ, দীনেষ জয়ধর, শেখ মাহাবুল আলম, আব্দুস ছালাম তালুকদার, জাকিবুল হক জুয়েলসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা। বক্তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।আলোচনা সভা শেষে মরহুম প্রভাষক মোঃ ফকরুল আলমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ডাসার থানা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত সবাই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।