দিনাজপুরের খানসামা উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া। এ সময় তিনি প্রতিষ্ঠানের চলমান প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং কারিগরি শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে টিটিসি পরিদর্শনে গেলে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিমাই কুমার দত্ত হুইপকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
পরিদর্শনকালে হুইপ আখতারুজ্জামান মিয়া প্রশিক্ষণার্থীদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। বর্তমান সরকার কর্মমুখী শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
এদিন তিনি খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নবনির্মিত “মেশিন টুলস অপারেশন” ওয়ার্কশপের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং টিটিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।