নিজস্ব প্রতিবেদক ||
বরিশালের গৌরনদী উপজেলায় বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে বিদ্যুৎ বিভাগ। দীর্ঘদিন ধরে বিল পরিশোধ না করা গ্রাহকদের বিরুদ্ধে এ অভিযানে একাধিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
শনিবার (৬ জুন ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল, বেজগাতি গ্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিদ্যুৎ বিভাগের ডিজিএম মো. শেখ ফরিদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন প্রকৌশলী মো. এ. হালিম খান।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বকেয়া বিল পরিশোধ না করায় নিয়মিত মনিটরিং ও আদায় কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট গ্রাহকদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রাহকদের বারবার নোটিশ ও মৌখিকভাবে বিল পরিশোধের অনুরোধ জানানো হলেও অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করেননি।
অভিযানে বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের রানু বেগমের ১২ মাসের বকেয়া বিল, নজরুল ইসলামের ১২ মাসের বকেয়া বিল এবং আহসান হাবীব সবুজের ১৩ মাসের বকেয়া বিল পরিশোধ না করায় তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর মো. জাকির হোসেন, ওয়্যারিং পরিদর্শক মো. নবিন হোসেন, লাইন শ্রমিক নুরুল আমিন, মিটার রিডার শ্যামল মজুমদার, আবুবকরসহ বিদ্যুৎ বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বকেয়া বিল আদায়ে এ ধরনের অভিযান চলমান থাকবে। যারা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল পরিশোধ করছেন না, তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করে সংযোগ সচল রাখার আহ্বান জানানো হয়েছে।
কর্মকর্তারা আরও বলেন, বিদ্যুৎ বিভাগের আর্থিক স্থিতিশীলতা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত বিল আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বকেয়া বিল পরিশোধে সকল গ্রাহকের সহযোগিতা কামনা করা হয়েছে।