বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খায়রুল আলম সুমনকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে।
বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমনকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে বরিশালের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খায়রুল আলম সুমন। দায়িত্বকালীন সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।
বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশালের ৬টি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনকালীন ভাতা ও অতিরিক্ত কেন্দ্র সংক্রান্ত অর্থ ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ ওঠে।
এসব বিষয় সামনে আসার পর প্রশাসনিক বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা তৈরি হয়। শেষ পর্যন্ত তাকে প্রত্যাহার করে নতুন জেলা প্রশাসক হিসেবে মো. মামুন খন্দকারকে দায়িত্ব দেওয়া হলো।