দীর্ঘ ২২ বছর পর বরিশালের গৌরনদী সফরে এসে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুকে চিনতে পেরে তার সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাটাজোর-সরিকল পুনঃখননকৃত খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের আগে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত উপজেলা ও পৌর বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে করমর্দন করেন প্রধানমন্ত্রী। এ সময় নেতারা নিজেদের পরিচয় দিচ্ছিলেন। বদিউজ্জামান মিন্টু নিজের পরিচয় দেওয়ার আগেই তাকে চিনে ফেলেন তারেক রহমান। পরে তার কাঁধে হাত রেখে কিছুক্ষণ কথা বলেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদিউজ্জামান মিন্টু বলেন, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। অনুষ্ঠানস্থলে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আমি নিজের পরিচয় দেওয়ার সময় প্রধানমন্ত্রী আমাকে চিনে ফেলেন। এরপর তিনি আমার কাঁধে হাত রেখে কথা বলেন। দীর্ঘ ২২ বছর পরও তিনি আমাকে মনে রেখেছেন, এটি আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়।
মিন্টু জানান, ২০০৩ সালে গৌরনদী উপজেলার কুতুবপুর স্বনির্ভর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনে তৎকালীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পাশে উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে তিনি উপস্থিত ছিলেন। সেই স্মৃতিই হয়তো প্রধানমন্ত্রীকে তাকে চিনতে সহায়তা করেছে বলে তিনি মনে করেন।
দীর্ঘ রাজনৈতিক পথচলা,
বদিউজ্জামান মিন্টু ১৯৮৪ সালে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে ছাত্রদল, যুবদল এবং বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক, জেলা বিএনপির প্রচার সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক সদস্যসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
মামলা ও রাজনৈতিক সংগ্রামের দাবি,
বদিউজ্জামান মিন্টুর দাবি, বিগত ১৭ বছরে তার বিরুদ্ধে প্রায় ১৫০টি মামলা দায়ের করা হয়। এছাড়া তিনি একাধিকবার কারাবরণ এবং কয়েক দফা হামলার শিকার হয়েছেন। তবে এসবের মধ্যেও তিনি দলীয় কর্মকাণ্ড চালিয়ে গেছেন বলে জানান।
মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ,
বদিউজ্জামান মিন্টু বলেন, স্থানীয় বিএনপির নেতাকর্মী ও অনেক ভোটার তাকে আগামী স্থানীয় সরকার নির্বাচনে গৌরনদী পৌরসভার মেয়র পদে দেখতে চান। তিনি বলেন, জনগণের এ প্রত্যাশার বিষয়টি দলের নীতিনির্ধারকদের কাছে তুলে ধরবেন এবং দল তার রাজনৈতিক অবদান মূল্যায়ন করবে বলে আশা করছেন।