বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রোগীদের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে কমিশন নেওয়ার অভিযোগে তিন নারী দালালকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (১৮ জুলাই) সকালে হাসপাতালের বহির্বিভাগ (ওপিডি) ভবনের নিচতলার আউটডোর এলাকায় এ ঘটনা ঘটে।
আনসার সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে দায়িত্ব পালনরত আনসার সদস্যা মোছা. নাসরিন আক্তার তিন নারীকে রোগীদের সঙ্গে সন্দেহজনকভাবে কথা বলতে ও ঘোরাফেরা করতে দেখেন। বিষয়টি তিনি প্লাটুন কমান্ডার (পিসি) মো. নাগর আলীকে অবহিত করেন।
পরে প্লাটুন কমান্ডারের উপস্থিতিতে ওই তিন নারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা রোগীদের কম খরচে চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। এছাড়া রোগী পাঠানোর বিনিময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কমিশন গ্রহণ করতেন বলেও জানান।
আটক ব্যক্তিরা হলেন মোছা. মিতু আক্তার, মোছা. খদিজা এবং মোছা. হাফেজা বেগম।
পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের হয়রানি ও দা/লা/লচ/ক্রের তৎপরতা বন্ধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।