তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে পরিচালিত ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রচারিত কোনো কন্টেন্ট আমলে না নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্বেগজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে। এসব অ্যাকাউন্ট ও পেজ থেকে মন্ত্রীর অনুমোদনহীন বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য ও বিভিন্ন কন্টেন্ট প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও নীতিবিরোধী।
মন্ত্রণালয় জানায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নিজ নামে শুধুমাত্র একটি ‘ব্লু ব্যাজ’ সম্বলিত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এ ছাড়া অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা বা অনুমোদন নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রচারিত কোনো তথ্য বা কন্টেন্ট বিশ্বাস বা প্রচার না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বা ভুয়া অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেলে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।