গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:মোঃ মেহেদী হাসান
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন জনাব আক্কেল আলী সরদার। প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ইউনিয়নের মাগুরা নতুন বাজার থেকে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে মাগুরা নতুন বাজার থেকে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে বাকাই বাজার, ইল্লা বাসস্ট্যান্ড, কমলাপুর তুলাতলা বাজার ও পাঙ্গাসিয়া হয়ে ভুরঘাটা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
মোটরসাইকেল শোভাযাত্রায় খাঞ্জাপুর ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রায় এক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন বলে আয়োজকরা জানান। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে শোভাযাত্রাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রায় চেয়ারম্যান পদপ্রার্থী আক্কেল আলী সরদারের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইমরান হোসেন জনি, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী হাওলাদার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওহাব আলী হাওলাদার, ১ নম্বর খাঞ্জাপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহব্বত আকন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন সরদার, খাঞ্জাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোহাম্মদ স্বপন হাওলাদার, বিএনপি নেতা সাত্তার হাওলাদার, মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা আইয়ুব আলী হাওলাদার, ছাত্রদল নেতা মাহবুব মুন্না, বিএনপি নেতা হায়দার তালুকদার এবং খাঞ্জাপুর ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি জলিল মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।
পরে ভুরঘাটা বাসস্ট্যান্ডে গিয়ে মোটরসাইকেল শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়। শোভাযাত্রা শেষে চেয়ারম্যান প্রার্থী আক্কেল আলী সরদার খাঞ্জাপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
চেয়ারম্যান প্রার্থী হিসেবে আক্কেল আলী সরদারের প্রার্থিতা ঘোষণা, মোটরসাইকেল শোভাযাত্রা এবং বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা আক্কেল আলী সরদারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।