গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলায় দীর্ঘ ১৫ বছর ধরে চলে আসা একটি জটিল জমি বিরোধের অবসান হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) মোঃ মেহেদী হাসানের উদ্যোগ, আন্তরিকতা ও মধ্যস্থতায় বিরোধটির শান্তিপূর্ণ নিষ্পত্তি হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর নিজের প্রাপ্য সম্পত্তি বুঝে পেয়েছেন ভুক্তভোগী পারুল বেগম।
পারুল বেগম গৌরনদী পৌরসভার আশোকাঠি এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ শাহ আলম রালির স্ত্রী। দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের কারণে ওয়ারিশসূত্রে পাওয়া এবং ক্রয়কৃত সম্পত্তির দখল ও ভোগদখল নিয়ে নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধটি দীর্ঘদিন ধরে চলতে থাকায় পারুল বেগম তার প্রাপ্য সম্পত্তি ভোগদখল করতে পারছিলেন না। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে বিরোধটি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় গত ২ আগস্ট দুপুর ১টার দিকে সংশ্লিষ্টদের উপস্থিতিতে পারুল বেগমকে তার প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয়। এর মধ্য দিয়ে প্রায় দেড় দশক ধরে চলে আসা জমি সংক্রান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধান হয়।
পারুল বেগম বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে জমি নিয়ে নানা সমস্যায় ভুগেছি। শেষ পর্যন্ত গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান এবং গৌরনদী মডেল থানার এএসআই মোঃ আমির হোসেনের উদ্যোগ ও সহযোগিতায় বিষয়টির সমাধান হয়েছে। আমি আমার সম্পত্তি বুঝে পেয়েছি। এতে আমি অত্যন্ত সন্তুষ্ট।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের একটি জমি বিরোধ প্রশাসনের উদ্যোগে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে সাধারণ মানুষের জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের কার্যকর উদ্যোগ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতার মাধ্যমে দীর্ঘদিনের বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির এই ঘটনা স্থানীয় পর্যায়ে ভূমি সংক্রান্ত বিরোধ নিরসনে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।