বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কিরণ সরদার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। পুলিশের নথি যাচাই করে জানা গেছে, গ্রেপ্তার কিরণের বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে। ওই মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৩ সেপ্টেম্বর) গৌরনদী থানাধীন খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই (ঘোষেরহাট) বাজার এলাকায় অভিযান চালানো হয়। খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ ভবনের মেইন গেটসংলগ্ন বাকাই বাজারে পবিত্র সাহার স্টেশনারি দোকানের সামনে পাকা সড়কের ওপর অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় কিরণ সরদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার কিরণ সরদার বাকাই এলাকার মিলন সরদার ও পুতুলী বেগমের ছেলে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া ইয়াবা তার হেফাজতেই ছিল।
এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর আসামির পিসি/পিতার ও সিডিএমএস যাচাই করে তার বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলার তথ্য পাওয়া যায়। সেই মামলাটিও বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, “মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।