বরিশালের গৌরনদীতে সরকারি ডিক্লারেশনপ্রাপ্ত সাপ্তাহিক পত্রিকা ‘গৌরনদী পরিক্রমা’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সম্পাদনা ও প্রকাশনায় পত্রিকাটির আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পদমর্যাদায় থাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।
সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশক ও সম্পাদক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, পৌর জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা মো. হাফিজুর রহমান এবং গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এম জহির উদ্দিন স্বপন এমপি সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’র মোড়ক উন্মোচনের মাধ্যমে পত্রিকাটির আনুষ্ঠানিক প্রকাশনা উদ্বোধন করেন। এ সময় উপস্থিত অতিথি ও সাংবাদিকরা নতুন এ সাপ্তাহিক পত্রিকার প্রকাশনাকে গৌরনদীর স্থানীয় গণমাধ্যম অঙ্গনে একটি নতুন সংযোজন হিসেবে উল্লেখ করেন।
প্রকাশনা উৎসবে বক্তারা বলেন, একটি এলাকার উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা ও জনসাধারণের প্রত্যাশা তুলে ধরতে স্থানীয় সংবাদমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। গৌরনদীর শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, ক্রীড়া ও জনজীবনের নানা বিষয় বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি মানুষের কথা বলার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে ‘গৌরনদী পরিক্রমা’ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
বক্তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ের নানা ঘটনা অনেক সময় জাতীয় গণমাধ্যমের নজরের বাইরে থেকে যায়। সেসব ঘটনা, সমস্যা ও সম্ভাবনা মানুষের সামনে তুলে ধরার ক্ষেত্রে স্থানীয় সংবাদপত্রের গুরুত্ব রয়েছে। পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যের সত্যতা যাচাই এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক ও প্রকাশক জহুরুল ইসলাম জহির বলেন, ‘গৌরনদী পরিক্রমা’কে শুধু একটি সংবাদপত্র হিসেবে নয়, বরং এলাকার মানুষের কথা বলার একটি মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় রয়েছে। গৌরনদীর ইতিহাস-ঐতিহ্য, মানুষের জীবনযাপন, স্থানীয় সমস্যা ও সম্ভাবনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও পত্রিকাটিতে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলে তিনি জানান।
প্রকাশনা উৎসবে গৌরনদী উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতিকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নতুন পত্রিকার প্রকাশনাকে ঘিরে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় সংবাদ পরিবেশনের পাশাপাশি গৌরনদীর উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ‘গৌরনদী পরিক্রমা’ ইতিবাচক ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সবাই।