রাজনৈতিক প্রক্রিয়ায় ধারাবাহিক জবাবদিহিতা না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে সরকারি ডিক্লারেশনপ্রাপ্ত সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’ পত্রিকার প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে যেমন জবাবদিহিতা প্রয়োজন, তেমনি রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক প্রক্রিয়াতেও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক প্রক্রিয়াকে ধারাবাহিক জবাবদিহিতার মধ্যে রাখা না গেলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য।
তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও জবাবদিহিতার সুযোগ নিশ্চিত করা গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। জনগণের কাছে রাজনৈতিক নেতৃত্ব ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা না হলে এর রাজনৈতিক পরিণতি গুরুতর হতে পারে।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের ক্ষেত্রেও জবাবদিহিতা থাকা প্রয়োজন। একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিক থেকে শুরু করে সাংবাদিক-কর্মচারীদের বেতন, ওয়েজবোর্ড, কর প্রদান, সম্পাদকীয় নীতিমালা অনুসরণ এবং সংবাদ প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতার বিষয়গুলোতে জনগণের জানার অধিকার রয়েছে।
তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি সেই ক্ষমতার যথাযথ ব্যবহারও নিশ্চিত করতে হবে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা গুরুত্বপূর্ণ। গণমাধ্যম যাতে ক্ষমতার অপব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপতথ্য ছড়ায় বা অন্যায় মিডিয়া ট্রায়ালের পরিস্থিতি তৈরি না করে, সে জন্য প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার কাঠামো প্রয়োজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার, জনস্বার্থ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতার সমন্বয় জরুরি।
সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’ পত্রিকার প্রকাশনা প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় পর্যায়ের মানুষের কথা, এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে স্থানীয় সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্যসচিব সফিকুর রহমান স্বপন শরীফসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে গৌরনদী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, সাহিত্যিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’-এর মোড়ক উন্মোচন করেন। পত্রিকাটির প্রকাশনাকে ঘিরে স্থানীয় সাংবাদিক ও সংবাদপত্রসংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বক্তারা বলেন, স্থানীয় সংবাদমাধ্যম একটি এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি প্রশাসন ও জনগণের মধ্যে যোগাযোগের সেতু হিসেবে কাজ করতে পারে। বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের মাধ্যমে ‘গৌরনদী পরিক্রমা’ স্থানীয় সাংবাদিকতায় ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে একই দিন দুপুর ১২টায় গৌরনদীতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এম জহির উদ্দিন স্বপন।
অনুষ্ঠানে স্থানীয় ও বিভিন্ন এলাকার কবি-সাহিত্যিকদের সাহিত্যচর্চা, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এ সময় কবি-সাহিত্যিকদের সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, স্থানীয় সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও গতিশীল করা এবং নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।