বরিশালের গৌরনদীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা, সমন্বয় সভা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, প্রয়োজনীয় প্রশাসনিক ও স্বেচ্ছাসেবী সমন্বয় এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আগাম প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. তৌকির আহমেদ, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, সদস্য সচিব মো. শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকন, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি সাহাবুব শরীফ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন দাস, গৌরনদী পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল হালদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল হালিম, আনন্দ টেলিভিশনের বরিশাল ব্যুরোচিফ সাংবাদিক কাজী আল আমিন, গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক লিটন খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক আবদুছ ছালেক মামুন, গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা বেগম, উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবনিযুক্ত প্রশাসকবৃন্দ এবং বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।