ঢাকা   বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা   বুধবার, ০৪ মার্চ ২০২৬
Today বাংলা নিউজ

আওয়ামীলীগ

আ.লীগের হামলায় বিএনপির ২ কর্মী নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি খাস পুকুর দখলকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন গোয়ালপাড়া গ্রামের ইসমাইল (৭০) ও আব্দুস সালাম (৬০)।সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়ন-এর গোয়ালপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, গোয়ালপাড়া গ্রামের প্রায় ৫ বিঘা আয়তনের একটি খাস পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থক আছমত আলী ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিকের মধ্যে বিরোধ চলছিল। আছমত আলী বিগত ১৫/১৬ বছর ধরে গোয়ালপাড়া মসজিদের নামে লিজ নিয়ে পুকুরটি চাষাবাদ করে আসছিলেন।২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপি নেতা আবু বক্কার সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটির লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। সোমবার সকালে আবু বক্কার সিদ্দিক তার লোকজন নিয়ে পুকুরে মাছ ধরতে গেলে আছমত আলীর সমর্থকরা বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।সংঘর্ষে হাসুয়া, দা ও লাঠিসোটা ব্যবহার করা হয়। এতে আওয়ামী লীগ সমর্থিত চারজন এবং বিএনপি সমর্থিত সাতজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।দুপুর ২টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম মারা যান।ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পুকুরটি আওয়ামী লীগ সমর্থিতরা চাষাবাদ করছিলেন। লিজ নেওয়ার পরও আবু বক্কার সিদ্দিককে মাছ ধরতে দেওয়া হয়নি। সোমবার সকালে মাছ ধরতে গেলে আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়ে দুইজনকে হত্যা করে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান জানান, পুকুর দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আ.লীগের হামলায় বিএনপির ২ কর্মী নিহত