পরিবেশ সংরক্ষণ, সবুজায়নের বিস্তার এবং শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ করতে বরিশালের গৌরনদীতে মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ, উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর উদ্বোধন এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়।দিনের কর্মসূচির সূচনা হয় সকালে গৌরনদী উপজেলার কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যার দায়িত্ব নিতে হবে।মন্ত্রী আরও বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; গাছকে পরিচর্যা করে বড় করতে হবে। একটি গাছ বড় হয়ে যেমন পরিবেশ রক্ষা করে, তেমনি এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান সম্পদে পরিণত হয়। তিনি শিক্ষার্থীদেরও পরিবেশ সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।পরে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয় এবং সবাইকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ির আঙিনায় গাছ লাগানোর আহ্বান জানানো হয়।এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-২০২৬-এর অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী এবং বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচিতে জেলা পর্যায়ে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, শিক্ষা, খেলাধুলা, সহশিক্ষা কার্যক্রম এবং বৃক্ষরোপণ এই চারটি বিষয় একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান।দিনব্যাপী আয়োজিত কর্মসূচির বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বন বিভাগের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি, শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করা এবং পরিবেশবান্ধব জীবনধারায় উদ্বুদ্ধ করাই এ ধারাবাহিক কর্মসূচির মূল উদ্দেশ্য।