ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

জন দুর্ভোগ

৫ দফা দাবিতে দেশব্যাপী অ্যাম্বুলেন্স ধর্মঘটের হুঁশিয়ারি, গৌরনদীতে মানববন্ধন ও র‌্যালি

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া প্রাইভেট অ্যাম্বুলেন্স মালিক সমিতির উদ্যোগে রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।গৌরনদী পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আয়োজিত মানববন্ধনে গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি সেলিম জবেদ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন এলাকার অ্যাম্বুলেন্স মালিক, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, অ্যাম্বুলেন্স কেবল একটি যানবাহন নয়, এটি মানুষের জীবন রক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি জরুরি সেবা। কিন্তু দীর্ঘদিন ধরে নানা অব্যবস্থাপনা, টোল আদায়, পার্কিং সংকট, জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা এবং সুস্পষ্ট নীতিমালার অভাবে অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে জরুরি রোগী পরিবহন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।তারা আরও বলেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত এসব দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে কঠোর আন্দোলন এবং প্রয়োজন হলে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হবে।সংগঠনের ৫ দফা দাবি হলো ১. দেশের প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতে হবে।২. হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সকে দেশের সব সড়ক ও সেতুতে টোলমুক্ত করতে হবে।৩. ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে।৪. অ্যাম্বুলেন্স পরিচালনার জন্য একটি যুগোপযোগী ও বাণিজ্যিক নীতিমালা প্রণয়ন করতে হবে।৫. লাশবাহী অ্যাম্বুলেন্স চলাচলের ক্ষেত্রেও সব ধরনের টোল সম্পূর্ণ মওকুফ করতে হবে।মানববন্ধনে বক্তারা বলেন, জরুরি রোগী বা মরদেহ পরিবহনের ক্ষেত্রে সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু পথে পথে টোল, পার্কিং সংকট ও প্রশাসনিক জটিলতার কারণে সেবা ব্যাহত হয়, যা অনেক সময় রোগীর জীবনহানির কারণ হয়ে দাঁড়ায়। তাই জনস্বার্থে সরকারকে দ্রুত এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।এ সময় গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর এলাকার অ্যাম্বুলেন্স মালিক, চালক ও সংশ্লিষ্টরা মানববন্ধন ও র‌্যালিতে অংশ নেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দেশব্যাপী অ্যাম্বুলেন্স ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

৫ দফা দাবিতে দেশব্যাপী অ্যাম্বুলেন্স ধর্মঘটের হুঁশিয়ারি, গৌরনদীতে মানববন্ধন ও র‌্যালি