বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভিমেরপাড় এলাকায় বজ্রপাতে নিহত দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপির পক্ষ থেকে নিহতদের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।জানা গেছে, সম্প্রতি ভয়াবহ বজ্রপাতে ভিমেরপাড় এলাকার বাসিন্দা মোঃ আলিম হাওলাদার ও গোলাপ সরকার নিহত হন। আকস্মিক এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারকে সান্ত্বনা ও সহযোগিতার অংশ হিসেবে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম এবং গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ। তারা নিহত দুই পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তি ও জনপ্রতিনিধিদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন।স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের সময় এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনে। তারা বজ্রপাত প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোরও দাবি জানান।