গৌরনদী (বরিশাল) থেকে মোঃ মেহেদী হাসান।গৌরনদী উপজেলার টিএনটি মোড়ে সড়ক নির্মাণকাজে দীর্ঘদিন ধরে বালু ফেলে রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।মঙ্গলবার (৩ মার্চ) বিকাল চারটার সময় সরেজমিনে গিয়ে দেখা যায়, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করলেও নির্মাণসামগ্রী সরিয়ে না নেওয়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। রাস্তার একাংশজুড়ে বড় বড় বালুর স্তূপ পড়ে থাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, কয়েক সপ্তাহ আগে সড়ক সংস্কার কাজ শুরু হলেও কাজের গতি অত্যন্ত ধীর। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধুলাবালুর কারণে আশপাশের দোকানপাট ও বাসাবাড়ির বাসিন্দারাও বিপাকে পড়েছেন।একাধিক পথচারী জানান, সন্ধ্যার পর বালুর স্তূপ স্পষ্টভাবে দেখা না যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। ইতোমধ্যে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। অনেক সময় যানবাহন পাশ কাটাতে গিয়ে হঠাৎ ব্রেক করতে বাধ্য হচ্ছে, এতে ঝুঁকি আরও বাড়ছে।এলাকাবাসীর দাবি, দ্রুত বালু অপসারণ করে সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী করতে হবে। পাশাপাশি নির্মাণকাজে গতি বাড়ানো এবং প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড ও আলোর ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তারা।এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিমকে অবহিত করা হলে তিনি জানান, জনসাধারণের চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সে বিষয়ে প্রশাসন কাজ করছে। দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।এলাকাবাসীর আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে শিগগিরই এই জনদুর্ভোগ থেকে মুক্তি মিলবে।