গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার ১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গৌরনদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ অভিযানে গুলি, ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ চিহ্নিত সন্ত্রাসী মো. রায়হান (৩৭)-কে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বরিশালের গৌরনদী পৌরসভার কসবা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনী রায়হানের হেফাজত থেকে এয়ারগানের ১৮০ রাউন্ড গুলি, ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্ন যুদ্ধ সামগ্রী উদ্ধার করে।স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার উপস্থিতিতে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছিল বলে অভিযোগ রয়েছে।গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসের জানান, গ্রেপ্তারকৃত রায়হানের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে অন্তত পাঁচটি মামলা রয়েছে। সেনাবাহিনীর অভিযানের পর তাকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়।তিনি আরও জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে রোববার (২৫ জানুয়ারি) রায়হানকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গৌরনদীসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তৎপরতা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।