ভোলায় জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ৩০ নেতাকর্মী
ভোলা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীমের গণসংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের ৩০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বোরহানউদ্দিন সরকারি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ গণসংবর্ধনা মঞ্চেই তাদের হাতে ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং ফুলের মালা পরিয়ে বরণ করেন হাফিজ ইব্রাহীম।এর আগে উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক কাজী শহীদুল ইসলাম নাসিম মাইকে ঘোষণা দেন যে, জামায়াতের ৩০ নেতাকর্মী ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহীমের হাতে ফুল গ্রহণের মাধ্যমে বিএনপিতে যোগদান করবেন।যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—ছাগলা ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল ফয়েজ মো. আবদুল্যাহ, উপজেলা জামায়াতের যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন, হাফেজ মো. আলমগীর, হাফেজ মো. আব্দুল করিম, মো. নুরে আলম দালাল, মো. আব্দুল খালেক, মো. রাসেদ, মো. মাহে আলম, মো. কবির, মো. নুরে আলম মাঝি, মো. ইউসুফ হাওলাদার, মো. আকবর হোসেন, মো. নাছের, মো. হাসেম, হাজী আব্দুর রহিম ও হানিফ হাওলাদার। বাকিদের পরিচয় ও পদবী পাওয়া যায়নি।এদের অধিকাংশেরই পরিচয় জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী হিসেবে নিশ্চিত হলেও অনেকের আনুষ্ঠানিক পদ-পদবি উল্লেখ করা হয়নি। তারা বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।বিএনপির মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহীম বলেন, “বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয় থেকেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন। জামায়াতে ইসলামীর যেসব ভাই আজ বিএনপিতে যোগ দিলেন, তাদের আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।”যোগদানকারী নেতাকর্মীরা বলেন, “আমরা দীর্ঘদিন জামায়াতের রাজনীতি করেছি। এখন সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বাকি জীবন বিএনপির রাজনীতি করতে চাই।”