বাজিতে ১০০ বার পানিতে ডুব অতঃপর কৃষকের মর্মান্তিক মৃত্যু
ঝালুকাঠির রাজাপুর উপজেলায় শীতের সকালে বাজি ধরে টানা ১০০ বার পানিতে ডুব দিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়ইয়া বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম বাবুল মোল্লা। তিনি বড়ইয়া মোল্লাবাড়ি এলাকার আনসার মোল্লার ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার বাজি ধরেন বাবুল মোল্লা। বাজির শর্ত অনুযায়ী তিনি পাশের একটি খালে নেমে একটানা ১০০ বার পানিতে ডুব দেন। দীর্ঘ সময় ঠান্ডা পানিতে থাকার পর খাল থেকে উঠে আসতেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।পরে স্থানীয়রা তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ঘটনাটি প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সামান্য অর্থের লোভে এমন ঝুঁকিপূর্ণ কাজ যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, এ ঘটনা তারই উদাহরণ।