পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নে ইউনিয়ন পরিষদের রোপণ করা দুটি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার সকালে উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামে ইউনিয়ন পরিষদের লাগানো গাছ দুটি কেটে নেন বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য ও আ. মান্নান হাওলাদারের ছেলে মাসুম হাওলাদার ছগির। পরে শ্রমিকের মাধ্যমে গাছগুলো কেটে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় এলাকাবাসী বাধা দেওয়ার চেষ্টা করলেও তা উপেক্ষা করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।স্থানীয় সূত্রে জানা গেছে, বালিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ. সোবাহান এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আ. মজিদের উদ্যোগে ইউনিয়ন পরিষদের অর্থায়নে ৩ নম্বর ওয়ার্ডে কয়েকশ মেহগনি গাছ রোপণ করা হয়েছিল। এরই অংশ হিসেবে উক্ত গাছ দুটি লাগানো হয়েছিল।অভিযুক্ত মাসুম হাওলাদার ছগির এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।এদিকে বালিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল বলেন, গাছগুলো ইউনিয়ন পরিষদের অনুমতি ছাড়াই কেটে নেওয়া হয়েছে। বর্তমানে গাছগুলো সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন সেন্টুর জিম্মায় রাখা হয়েছে।এ বিষয়ে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।