ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বৃদ্ধা মাকে ভাত না দেওয়ায় ছেলের গলায় কলসি বেঁধে ঘোরালেন চেয়ারম্যান

নিজের বৃদ্ধা মাকে শারীরিক নির্যাতন ও খাবার না দেওয়ার অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলা-এ এক যুবককে অভিনব কায়দায় ‘সামাজিক শাস্তি’ দেওয়া হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে ওই যুবকের গলায় পানিভর্তি কলসি ঝুলিয়ে বাজার ঘোরানো হয়।রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শত শত মানুষের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম মোহাম্মদ সহিদ (৩৫)। তিনি পেশায় দিনমজুর এবং স্থানীয় চিলাদি গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্র ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, বাড়িতে ছাগলের মাংস রান্না করা হলেও সহিদ তার বৃদ্ধা মাকে খাবার দেননি। ক্ষুধার্ত মা খাবার চাইলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।পরে ভুক্তভোগী মা ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে গ্রাম পুলিশের (চৌকিদার) মাধ্যমে সহিদকে আটক করে পরিষদে আনা হয়।রোববার সকালে ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান স্থানীয় লোকজনের উপস্থিতিতে সালিসি বৈঠক করেন। শাস্তিস্বরূপ সহিদের গলায় পানিভর্তি একটি কলসি বেঁধে তাকে বাজার প্রদক্ষিণ করতে বাধ্য করা হয়। এ সময় তাকে উচ্চস্বরে নিজের অপরাধ স্বীকার করতেও দেখা যায়।চেয়ারম্যান বলেন, বাবা-মায়ের প্রতি অবহেলা বা নির্যাতন কোনোভাবেই বরদাশত করা হবে না। আইনি দীর্ঘসূত্রতা এড়াতে এবং অন্যদের শিক্ষা দিতেই এই তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করা হয়েছে।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। স্থানীয়দের অনেকে শাস্তিটিকে যথাযথ ও সচেতনতামূলক বললেও মানবাধিকার কর্মী ও আইনজ্ঞরা বলছেন, প্রচলিত আইনের বাইরে গিয়ে কাউকে প্রকাশ্যে অপমান বা শারীরিক শাস্তি দেওয়া আইনসম্মত নয়। তাদের মতে, বিষয়টি পুলিশ বা আদালতের মাধ্যমে সমাধান করা উচিত ছিল।এ বিষয়ে জানতে ছাতারপাইয়া ইউপি চেয়ারম্যানের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বৃদ্ধা মাকে ভাত না দেওয়ায় ছেলের গলায় কলসি বেঁধে ঘোরালেন চেয়ারম্যান