ময়মনসিংহের ভালুকায় ফেসবুকের একটি ছবিকে কেন্দ্র করে দাম্পত্য কলহ ও মানসিক যন্ত্রণার জেরে তাজ উদ্দিন (৫০) নামে এক রাজমিস্ত্রি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার সীডস্টোর ঝালপাজা রোড এলাকায় ভাড়া বাসার বারান্দা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত তাজ উদ্দিন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ধামলই গ্রামের মৃত মতিন শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভালুকার আনোয়ার খান মডেল স্কুল এলাকার বাহার খানের বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে তাজ উদ্দিন ফেসবুকে তার স্ত্রী হালিমা আক্তারের চেহারার সঙ্গে মিল রয়েছে এমন এক নারীর ছবি দেখে সন্দেহে ভুগতে শুরু করেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও ঝগড়া তৈরি হয়। এরপর থেকেই তিনি মানসিক বিষণ্নতায় ভুগছিলেন। পরিবারের দাবি, এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।নিহতের ছেলে রহিম জানান, শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে তিনি তার বাবাকে ঘরের ভেতরে খাটের ওপর বসে থাকতে দেখেন। পরে কিছু না বলেই ঘুমাতে যান। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ছোট ভাই হাফিজুল ঘুম থেকে উঠে বারান্দার গ্রিলের সঙ্গে রশি দিয়ে তার বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।