ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্র উদ্ধার, যৌথ বাহিনীর হাতে আটক ৩

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমিরের ব্যবহৃত একটি মাইক্রোবাস থেকে দেশীয় ও বিদেশি অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে যৌথ বাহিনীর নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলাকালে এ অভিযান পরিচালিত হয়।আটক ব্যক্তিরা হলেন— বাংলা এডিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি ও জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খানের ফেসবুক পেজের এডমিন শাহারুল ইসলাম এবং মাইক্রোবাসের চালক ইজারুল হক।পুলিশ জানায়, চেকপোস্টে সন্দেহজনকভাবে একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে ৩টি ফোল্ডেবল স্টিক, ১টি বিদেশি কুড়াল, ১টি ইলেকট্রিক শকার, ১টি প্লাস, ৩টি ওয়াকিটকি, ৪টি চার্জার এবং ১টি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিএম রানা জানান, যৌথ বাহিনীর নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গাড়ি তল্লাশি করা হচ্ছিল। এ সময় উক্ত মাইক্রোবাসটি চেক করলে এসব অস্ত্র ও সরঞ্জাম পাওয়া যায়। পরে গাড়িটি জব্দ করা হয় এবং তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়।তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও যোগাযোগ সরঞ্জামগুলোর বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এদিকে, ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় তথ্য গণমাধ্যমে জানানো হবে।

জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্র উদ্ধার, যৌথ বাহিনীর হাতে আটক ৩