গৌরনদীতে খাল পুনঃখনন উদ্বোধন, গণমাধ্যমের স্বাধীনতার ওপর জোর তথ্যমন্ত্রীর
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, গণমাধ্যম যত বেশি স্বাধীন ও দায়িত্বশীল হবে, সরকার তত বেশি জবাবদিহিতার মধ্যে থাকবে। আমাদের সরকার গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতার মাধ্যমে জবাবদিহিতার মধ্যে থাকতে চায়।সোমবার (১৬ মার্চ) বেলা ১১টায় বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নর কুতুবপুর এলাকায় কুতুবপুর স্বনির্ভর খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, আমরা জনগণের কাছে যে ওয়াদা দিয়েছি তা বাস্তবায়ন করতে চাই। আমাদের মধ্যে কোনো দুরভিসন্ধি নেই, দ্বৈত চরিত্র নেই। আমরা একই কথা বলি, একইভাবে চিন্তা করি এবং সেই অনুযায়ী কাজ বাস্তবায়ন করি।তিনি বলেন, সরকারের বয়স এখনো এক মাস পূর্ণ হয়নি। ভোটারদের আঙুলের কালির দাগও শুকায়নি, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে সরকারের দেওয়া পাঁচটি প্রতিশ্রুতি ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড প্রস্তুতি, কৃষিঋণ মওকুফ, ইমামদের ভাতা প্রদান এবং খাল খনন কর্মসূচি শুরু।তিনি আরও বলেন ঈদের পরপরই তিনি গণমাধ্যমকে ডেকে সরকারের এই তৎপরতার বিস্তারিত বিবরণ জাতির সামনে তুলে ধরবেন।তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় কৃষকরা সেচ সুবিধা পাবেন এবং ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে, যা জাতীয় খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি বলেন, বিগত সরকারের সঙ্গে তারেক রহমানের পার্থক্য এখানেই তিনি যা বলেন তা বাস্তবায়ন করেন। ইতোমধ্যে পাঁচটি প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে তিনি তা প্রমাণ করেছেন। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন সরকারের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমকে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে।অনুষ্ঠানে জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সঞ্চালনায় বক্তব্য দেন বরিশালের নবাগত পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমান, বিএডিসি বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং বিএডিসির উপসহকারী প্রকৌশলী সাহেদ আহম্মেদ চৌধুরী।এ সময় উপস্থিত ছিলেন বিএডিসির প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদ, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনছার উদ্দিন, জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।উল্লেখ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর খাল খনন কর্মসূচির আওতায় প্রায় ৪৫ বছর আগে কৃষি উন্নয়নের লক্ষ্যে নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালটি খনন করা হয়েছিল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খালটি কার্যকারিতা হারায়। ফলে শুষ্ক মৌসুমে খালের দুই পাড়ের প্রায় এক হাজার হেক্টর জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছিল।বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে কুতুবপুর স্বনির্ভর খালের পুনঃখনন কাজ শুরু হয়েছে। খালটির মোট দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। প্রথম পর্যায়ে ২ কিলোমিটার অংশের কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে পুরো খাল পুনঃখনন করা হবে।খালটি পুনঃখনন সম্পন্ন হলে ওই এলাকার প্রায় ৯০০ একর কৃষিজমি সেচ ও পানি নিষ্কাশন সুবিধার আওতায় আসবে, যা স্থানীয় কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।