জামায়াত–বিএনপির সংঘর্ষে নিহত কৃষকদল নেতার মরদেহ নিয়ে ঝিনাইদহে বিক্ষোভ
ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষে নিহত কৃষকদল নেতা তরু মুন্সীর মরদেহ নিয়ে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা।শনিবার (১৪ মার্চ) বেলা ১২টার দিকে ঝিনাইদহ মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহটি নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভ্যানে করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হামদহ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং দলটির নেতাকর্মী ও নিহতের স্বজনরা বক্তব্য দেন।এসময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ অভিযোগ করে বলেন, জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা কৃষকদল নেতা তরু মুন্সীকে বেধড়ক পিটিয়ে আহত করে। তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়, যার কারণে তার মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।অন্যদিকে, তরু মুন্সীর মৃত্যু স্ট্রোকজনিত কারণে হয়েছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন সদর উপজেলা জামায়াতের আমীর ড. মো. হাবিবর রহমান।তিনি বলেন, মাধবপুর গ্রামে মহিলা জামায়াতের উদ্যোগে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেখানে বিএনপির কিছু লোক গিয়ে নারীদের মারধর ও শ্লীলতাহানি করে। এর জেরে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।ড. হাবিবর রহমান দাবি করেন, তরু মুন্সী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি স্ট্রোক করেন এবং সেখান থেকেই তার মৃত্যু হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এই ঘটনাকে কেন্দ্র করে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা এবং দোকানপাট ভাঙচুর করা হচ্ছে।উল্লেখ্য, শুক্রবার সকালে সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। দুপুরে ইফতার আয়োজনকে কেন্দ্র করে নারী কর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১০ জন আহত হন।আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত কৃষকদল নেতা তরু মুন্সীকে পরে ঢাকায় পাঠানো হলে শুক্রবার রাত ৮টার দিকে তিনি মারা যান। নিহত তরু মুন্সী গান্না ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।