খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বুধবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৭টার কিছু পর তিনি হাসপাতালে পৌঁছান।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হাসপাতালে নিচতলায় তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রধান উপদেষ্টাকে খালেদা জিয়ার কেবিনে নিয়ে যান মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।এর আগে গতকাল (২ ডিসেম্বর) রাতে তিন বাহিনীর প্রধানরা খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান। তারা মেডিকেল বোর্ডের সদস্যদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন এবং রাত ৯টা ২০ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন।৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার পূর্ণ সুস্থতায় আরও সময় প্রয়োজন।লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক তার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন। এছাড়া হাসপাতালে তার পাশে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।