গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেফতার
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে চার যুবক বাটাজোর বন্দরের পাশে ঘোরাঘুরি করছিল। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বন্দর এলাকার পাহারাদাররা তাদের গতিরোধের চেষ্টা করেন। এতে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে সিএনজিচালকসহ চারজনকে আটক করে। পরে স্থানীয়দের উত্তেজনায় তারা গণপিটুনির শিকার হন।পরে সংবাদ পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে। আটক ব্যক্তিরা হলেন—গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামের হৃদয় ও তার ভাই তারেক, স্বরূপকাঠীর তসলিম এবং বরিশাল নগরীর অশোক।ঘটনাস্থল থেকে একটি সিএনজি অটোরিকশা ও ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “স্থানীয়দের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে চারজনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”চুরি ও ডাকাতি প্রতিরোধে স্থানীয়দের সচেতনতা ও দ্রুত উদ্যোগের প্রশংসা জানিয়েছেন এলাকাবাসী।