ঈদকে সামনে রেখে গৌরনদী বাসস্ট্যান্ডে ডিআইজির পরিদর্শন নিরাপত্তা জোরদার
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বরিশাল জেলা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান গৌরনদী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা পরিদর্শন করেছেন।মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে তিনি গৌরনদী বাসস্ট্যান্ডসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি সাধারণ মানুষের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিক হাসান রাসেল, গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সিনিয়র সাংবাদিক গিয়াসউদ্দিন মিয়া, সদস্য নাসির উদ্দীন, গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক কাজী বায়েজিদ রনি, সদস্য সাকিবুল্লাহ বেল্লাল, সুজন শরীফসহ অন্যান্য সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ সময় ডিআইজি মোস্তাফিজুর রহমান সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, ঈদ উপলক্ষে মানুষের যাতায়াত বাড়বে, তাই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল জোরদার এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।তিনি আরও বলেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখতে হবে।পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত ও পরামর্শ শোনেন। সাংবাদিকরাও সার্বিক নিরাপত্তা জোরদারে পুলিশের নেওয়া উদ্যোগকে স্বাগত জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সার্বিকভাবে ঈদকে কেন্দ্র করে গৌরনদীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যাতে করে সাধারণ মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন এবং তারা ডিআইজির এই তৎপরতা ক্যামেরাবন্দি করেন।আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। ঈদকে সামনে রেখে এ ধরনের নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।