ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

পাম্পে তেল নেই খোলা বাজারে তিনগুণ দামে পেট্রোল

ঠাকুরগাঁও জেলায় গত তিন সপ্তাহ ধরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা, বিশেষ করে কৃষক ও মোটরসাইকেল চালকেরা।জেলার বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে, প্রায় সব পাম্পের সামনেই ‘তেল নেই’ লেখা নোটিশ ঝুলছে। কোথাও সীমিত পরিমাণ তেল এলেও তা মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে। তেলের আশায় গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে। অনেককে এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটে বেড়াতে দেখা গেছে।তেলের এই সংকটকে কেন্দ্র করে কোথাও কোথাও উত্তেজনা ও বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। গত বৃহস্পতিবার রাতে শহরের হানিফ ফিলিং স্টেশনে তেল সংগ্রহকে কেন্দ্র করে লাইনে দাঁড়ানো গ্রাহকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে একদল দুর্বৃত্ত স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করে, এতে অন্তত দুইজন কর্মচারী আহত হন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে ৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।অন্যদিকে, পাম্পে তেল না থাকলেও খোলা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে জ্বালানি। জেলার বিভিন্ন হাট-বাজারে প্রতি লিটার পেট্রোল ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। রুহিয়া রামনাথ হাটে ২৭০ টাকা, সেনিহারী বাজারে ২৫০ টাকা এবং ঢোলারহাটে ৩০০ টাকায় পেট্রোল বিক্রি হচ্ছে। অথচ সরকার নির্ধারিত দাম অনুযায়ী পেট্রোলের মূল্য ১১৬ টাকা এবং অকটেনের মূল্য ১২০ টাকা।খোলা বাজার থেকে বেশি দামে পেট্রোল কিনতে বাধ্য হওয়া এক গ্রাহক রাহিবুল হাসান মারুফ বলেন, ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাধ্য হয়েই বেশি দামে তেল কিনতে হচ্ছে।এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম জানান, অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হচ্ছে। অবৈধ মজুত ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

পাম্পে তেল নেই খোলা বাজারে তিনগুণ দামে পেট্রোল