পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস
জাতীয় সংসদে পাস হয়েছে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’। এর মাধ্যমে দেশের পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বাতিল করা হয়েছে। ফলে ভবিষ্যতে এই নির্বাচনগুলো নির্দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদ অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।বিলটি বিকেলে সংসদে উপস্থাপনের পর তা নিয়ে আলোচনা হয় এবং শেষে কণ্ঠভোটে অনুমোদন দেওয়া হয়। এ সময় বিরোধীদলীয় সংসদ সদস্যরা বিলের বিরোধিতা করে ‘না’ ভোট দেন। এর প্রতিক্রিয়ায় শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন। তবে অধিবেশনে বিরতির পর তারা আবার সংসদে ফিরে আসেন।এদিকে, অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৭২টি বিল আকারে জাতীয় সংসদে পাস হয়েছে বলে জানা গেছে।নির্বাচন ব্যবস্থায় এই পরিবর্তনকে স্থানীয় সরকার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে দেখা হচ্ছে।