গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ পুনর্বহাল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল উত্তর জেলা কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে গৌরনদী পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন করে দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। একই সঙ্গে পূর্বে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করে গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে মোঃ জাকির হোসেন শরীফকে পুনর্বহাল করা হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বরিশাল উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে গৌরনদী পৌর বিএনপির আহ্বায়কের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় আহ্বায়কের দায়িত্বে বহাল রাখা হয়েছে।এদিকে গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়া স্ট্রোকজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি সুস্থ না হওয়া পর্যন্ত তার দায়িত্ব সাময়িকভাবে পালন করবেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান শরীফ স্বপন। তাকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।এছাড়া দলের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকনকে ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ৮ নম্বর যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন শিকদারের মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হওয়ায় সেখানে শামীমূল হক শামিমকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, গৌরনদী পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে এবং দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে কাউন্সিলের প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়েছে।বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ এবং জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান (মুকুল) স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন বৃহস্পতিবার প্রকাশ করা হয়।দলীয় নেতাকর্মীদের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে গৌরনদী পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং আসন্ন কাউন্সিলকে সামনে রেখে দলকে শক্তিশালী করার পথ সুগম হবে।