ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের ফ্রি বাস সার্ভিস
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ভোলা জেলা পুলিশের উদ্যোগে একটি ‘ফ্রি বাস সার্ভিস’ চালু করা হয়েছে।সোমবার (১৬ মার্চ) দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় বিভিন্ন পরিবহন, লঞ্চ ও ফেরি মালিক সমিতির প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে এই ফ্রি বাস সার্ভিসের উদ্বোধন করেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।পুলিশ সূত্রে জানা যায় এই ফ্রি বাস সার্ভিসটি ইলিশা লঞ্চঘাট থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড পর্যন্ত চলাচল করবে। ঈদে বাড়ি ফেরা যাত্রীদের স্বস্তি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে পুলিশ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। যাতায়াত ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সিএনজি অটোরিকশায় চালকের পাশে যাত্রী বসানো নিষিদ্ধ করা হয়েছে এবং তিনজনের বেশি যাত্রী বহন না করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।তিনি আরও বলেন অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মালিকপক্ষকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ ইনলেয়ার ও আউটলেয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।এছাড়া জরুরি পরিস্থিতিতে অসুস্থ যাত্রীদের সহায়তায় ‘ফ্রি মেডিকেল টিম’ ও অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান পুলিশ সুপার।আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে ‘বডি ওর্ন ক্যামেরা’ ব্যবহারের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহিম, ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।