বরিশালে অপসোনিনের কারখানায় আগুন
বরিশাল নগরীর রুপাতলীতে অবস্থিত অপসোনিন ফার্মাসিউটিক্যালসের গ্লোবাল ক্যাপসুল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে হঠাৎ কারখানার একটি অংশে আগুনের সূত্রপাত হলে কর্মচারী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, কারখানার বয়লারে ব্যবহারের জন্য সেখানে কাঠের গুঁড়ি মজুত ছিল। অসাবধানতাবশত ওই কাঠের গুঁড়ি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তিনি আরও বলেন, দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, তবে ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুনের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।অগ্নিকাণ্ডের সময় স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানার কার্যক্রম পুনরায় চালুর প্রস্তুতি নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।