ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বরিশালে চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, যুবদলের দুই নেতা বহিষ্কার

বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলায় চাঁদা না পেয়ে এক আয়ুর্বেদিক চিকিৎসককে মারধরের অভিযোগে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা জানান, চাঁদা দাবির ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদলের দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বহিষ্কৃতরা হলেন উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মাকসুদুর রহমান ডালিম এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রফিক মল্লিক।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাইশারী বাজারের আয়ুর্বেদিক চিকিৎসক বিভাস ঋষির কাছে চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত শুক্রবার তার ওপর হামলার ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই দুই নেতাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বরিশালে চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, যুবদলের দুই নেতা বহিষ্কার