ঢাকা   শুক্রবার, ০৫ জুন ২০২৬
ঢাকা   শুক্রবার, ০৫ জুন ২০২৬
Today বাংলা নিউজ

বিএনপিতে যোগ দিয়েই বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাট

ফরিদপুরে আ.লীগ থেকে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ।ফরিদপুরের সদরপুর উপজেলায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়ার পরই বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে সাবেক আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।সোমবার (৫ জানুয়ারি) দিনগত রাতে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাসের সমর্থকরা এ হামলায় জড়িত। অভিযোগ রয়েছে, সেন্টু কাজী, জামাল কাজী ও সুমন কাজীর নেতৃত্বে একদল লোক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকদারসহ অন্তত ১০ থেকে ১২ জন বিএনপি নেতাকর্মীর বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘরে ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।ভুক্তভোগী বিএনপি নেতাকর্মীরা জানান, হামলাকারীরা কয়েকদিন আগেই আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেন। দলে যোগ দিয়েই তারা নিজেদের প্রভাব বিস্তার করতে বিএনপির পুরোনো নেতাকর্মীদের টার্গেট করে হামলা চালাচ্ছেন বলে অভিযোগ করেন তারা। এতে এলাকায় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।ঘটনার বিষয়ে অভিযুক্ত সেন্টু কাজী, জামাল কাজী ও সুমন কাজীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মামুন শাহ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বলে জানান স্থানীয়রা। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

বিএনপিতে যোগ দিয়েই বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাট